পরিচ্ছেদঃ ৭
ব্যবসায়িক সম্পদে যাকাত ফরয হওয়ার দলীল:
অন্যান্য সম্পদের মালিকের মতোই ব্যবসায়ীর ওপরও যাকাত ফরয হবে। আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِن طَيِّبَٰتِ مَا كَسَبۡتُمۡ وَمِمَّآ أَخۡرَجۡنَا لَكُم مِّنَ ٱلۡأَرۡضِۖ ٢٦٧﴾ [ البقرة : ٢٦٧ ]
“হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ এবং আমরা জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে”। [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৬৭] এ আয়াতে “তোমরা যা অর্জন করেছ” এর ব্যাখ্যায় মুজাহিদ রহ. বলেছেন, “তোমরা ব্যবসা-বানিজ্য করে যা অর্জন করেছ”। [তাফসীরে ত্বাবারী, ৫/৫৫৮।]
আবূ যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«فِي الْإِبِلِ صَدَقَتُهَا، وَفِي الْغَنَمِ صَدَقَتُهَا، وَفِي الْبُرِّ صَدَقَتُهُ وفي رواية، وَفِي الْبَزِّ» .
“উটে যাকাত ফরয, ছাগলে যাকাত ফরয, আর গমে যাকাত ফরয। কোনো কোনো বর্ণনায় এসেছে, আর ব্যবসায়িক পণ্যে যাকাত ফরয”। [মুসতাদরাক হাকিম, হাদীস নং ১৪৩২; ইমাম হাকিম বলেছেন, এ হাদীসের উভয় সনদই বুখারী ও মুসলিমের শর্তে সহীহ, তারা কেউ হাদীসটি তাদের সনদে বর্ণনা করেন নি। সুনান দারাকুত্বনী, হাদীস নং ১৯৩২। কেউ কেউ এখানে ( وَفِي الْبُرِّ ) বলেছেন, অর্থাৎ গমে যাকাত ফরয। আবার কেউ এখানে ( وَفِي الْبَزِّ ) বলেছেন, এর অর্থ হবে কাপড় ব্যবসায়ীর সম্পদে যাকাত ফরয, অর্থাৎ ব্যবসায়িক সম্পদে যাকাত ফরয। দেখুন, মুসনাদে আহমাদ, হাদীস নং ২১৫৫৭, তাহকীক, শু‘আইব আরনাঊত, পৃষ্ঠা ৩৫/৪৪১; আল-মাজমু‘, ইমাম নাওয়াবী, ৬/৪৭।]
সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন,
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي يُعَدُّ لِلْبَيْعِ» .
“ব্যবসায়ের জন্য প্রস্তুতকৃত সম্পদ থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত আদায় করতে নির্দেশ দিতেন।” [আবূ দাঊদ, হাদীস নং ১৫৬২, আলবানী রহ. হাদীসটিকে দ‘ঈফ বলেছেন; আল-মু‘জাম আল-কাবীর, তাবরানী, ৭/২৫৩, হাদীস নং ৭০২৯; আস-সুনান আস-সাগীর, বাইহাকী, ২/৫৭, হাদীস নং ১২০৬; আদ-দুররুল মানসূর, ১/৩৪১।]
ইজমা‘: ব্যবসায়িক পণ্যে যাকাত ফরয হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর মধ্যে ইজমা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেন নি।