পরিচ্ছেদঃ ৩৭
৩৪. জান্নাতে বিবাহ সম্পন্ন
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আবু কর সিদ্দীক - এর খিলাফতকালে অনাবৃষ্টি দেখা দিল। ফলে লোকেরা আবু বকর (রাঃ) -এর কাছে একত্রিত হয়ে বলল, আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ হচ্ছে না, জমিন হতে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না। আর লোকেরাও কঠিন কষ্টের মধ্যে রয়েছে। আবু বকর (রাঃ) বললেন, তোমরা ফিরে যাও এবং ধৈর্য ধারণ কর। কেননা, সন্ধ্যা আসার আগেই তোমাদের উপর থেকে আল্লাহর তায়ালা কষ্ট লাঘব করবেন। কর্ণনাকারী বলেন, অতঃপর লোকেরা উসমান (রাঃ) এর বাড়িতে গেল এবং তার দরজায় করাঘাত করল। আর উসমান (রাঃ) ও তাদের মাঝে বের হয়ে এসে বললেন, তোমরা কি চাও? তখন তারা বলল, এ সময়টি দুর্ভিক্ষ অতিক্রম করছে। আকাশ হতে বৃষ্টি পড়ছে না, যমিন ফসল উৎপন্ন করছে না। ফলে মানুষেরা কঠিন বিপদের মাঝে পতিত হয়েছে। আর আমাদের কাছে সংবাদ আছে যে, আপনার কাছে অনেক খাবার মজুদ আছে। আমরা তা ক্রয় করে গরিব মুসলমানদের মাঝে বন্টন করতে চাই। উসমান (রাঃ) মুহাব্বত ও সম্মানের সাথে বললেন, তোমরা আস এবং ক্রয় কর। তখন ব্যবসায়ীরা তাঁর বাড়িতে প্রবেশ করল। এমতাবস্থায় খাদ্য সামগ্রী উসমান (রাঃ) -এর বাড়িতেই মজুদ ছিল।
তখন উসমান (রাঃ) বললেন, হে ব্যবসায়ীগণ! আমি শাম থেকে যে দরে ক্রয় করে এনেছি, তার থেকে তোমরা আমাকে কত লাভ দিবে? তারা বলল, প্রত্যেক দশে বার দিরহাম। উসমান (রাঃ) বললেন, আরো বৃদ্ধি করতে হবে। তারা বলল, প্রত্যেক দশে পনের। উসমান (রাঃ) বললেন, আরো বৃদ্ধি করতে হবে। ব্যবসায়ীরা বলল, হে আবু আমর! মদীনায় আমাদের ছাড়া আর অন্য কোনো ব্যবসায়ী এখানে উপস্থিত হতে অবশিষ্ট নেই। সুতরাং মদীনাতে এমন কোন ব্যবসায়ী আছে যে আমাদের থেকে বৃদ্ধি করে দিবে? তখন উসমান (রাঃ) বললেন, মহান আল্লাহ তায়ালা আমাকে প্রত্যেক দিরহামে ১০ দিরহাম করে বৃদ্ধি করে দিবেন, তোমরা কি এর চেয়ে বৃদ্ধি করতে পারবে? তারা বলল, না। উসমান (রাঃ) বললেন, নিশ্চয় আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আমার এ খাদ্য আমি গরিব মুসলমানদের মাঝে সদকা করে দিলাম। ইবনে আব্বাস বললেন, আমি রাতে রাসূল (ﷺ) কে স্বপ্নে দেখলাম যে, তিনি একটি উজ্জ্বল বাহনে আরোহিত অবস্থায় কোথাও যেন ব্যস্ততার সাথে যাচ্ছেন, আর তার শরীরে ছিল একটা নূরের চাদর। পায়ে ছিল নূরের পাদুকা, হাতে ছিল একটা নূরের লাঠি। আমি বললাম, ইয়া রাসূল্লাহ! আমার আগ্রহ বেড়ে গেছে আপনার উপর এবং আপনার কথার উপর। আপনি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? রাসূল (ﷺ) কে বললেন, হে ইবনে আব্বাস! উসমান (রাঃ) বড় ধরনের সাদকা করেছেন আর আল্লাহ তায়ালা তার থেকে তা কবুল করে নিয়েছেন। আর তাকে জান্নাতে বিবাহ করিয়েছেন। আর আমাকে সেখানে দাওয়াত দেয়া হয়েছে।
(আর-রিককাতু ওয়াল বুকাউ লি ইবনে কুদামা, পৃঃ ২৯০)