পরিচ্ছেদঃ ২৮
সালাতে সাজদাহ সাহুর কিছু হুকুম
১। সালাতে ভুল করে যদি কেউ কোনো রুকু, সাজদাহ, কিয়াম বা বৈঠক বৃদ্ধি করে, তবে সালাম ফিরিয়ে দুইটি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে। যেমন, কেউ যোহরের সালাত পড়তে গিয়ে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর স্মরণ হলে বা স্মরণ করিয়ে দেওয়া হলে বিনা তাকবীরে ফিরে এসে বসে শেষ তাশাহ্হুদ পড়ে সালাম ফিরিয়ে দুইটি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে। এমনিভাবে সালাত শেষ করার পর যদি স্মরণ হয় যে, সালাতে অতিরিক্ত হয়েছে, তবে দুইটি সাজদাহ সাহু করে সালাম ফিরাবে।
২। সালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম ফিরানোর পর যদি নিকটবর্তী সময়ে স্মরণ হয় বা স্মরণ করিয়ে দেওয়া হয় যেন সালাতের প্রথমাংশের সহিত শেষাংশ ভিত্তি করা যায় তাহলে বাকী সালাত পুরা করে সালাম ফিরিয়ে দুইটি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে। যেমন, যোহরের সালাত পড়তে গিয়ে যদি ভুলে তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে দেওয়ার পর স্মরণ হয় বা স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে চতুর্থ রাকাত পুরা করে সালাম ফিরিয়ে দুইটি সাজদাহ সাহু করে আবার সালাম ফিরাবে। কিন্তু যদি দেরীতে স্মরণ হয় তাহলে আবার নতুন করে প্রথম থেকে সালাত পড়বে।
৩। যদি ভুলে প্রথম তাশাহহুদ বা কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে সালামের পূর্বে দু’টি সাজদাহ সাহু দিবে। আর কোনো কিছু করতে হবে না। কিন্তু যদি সেই জায়গায় (যা ছেড়ে দেওয়া হয়েছে) থাকতেই স্মরণ হয়ে যায় তবে তা পুরা করবে, তার জন্য আর কোনো কিছু (সাহু সাজদাহ) করতে হবে না, আর যদি সেই জায়গা ছেড়ে আসার পর নতুন (কোনো ওয়াজিব বা অন্য) কিছু শুরু করার পূর্বে স্মরণ হয়ে যায় তাহলে ফিরে গিয়ে তা পুরা করতে হবে না। যেমন, যদি প্রথম তাশাহ্হুদ ভুলে গিয়ে তৃতীয় রাকাতের জন্য পুরোপুরি দাঁড়িয়ে যায় তবে আর ফিরে আসা যাবে না, সালামের পূর্বে দুইটি সাজদাহ সাহু দিবে। আর যদি তাশাহ্হুদের জন্য বসে তাশাহ্হুদ পড়তে ভুলে যায় কিন্তু দাঁড়ানোর পূর্বেই স্মরণ হয়ে যায় তাহলে তাশাহ্হুদ পড়ে নিয়ে বাকী সালাত পুরা করবে, তার জন্য আর কোনো কিছু (সাহু সাজদাহ) করতে হবে না। এমনিভাবে যদি না বসে দাঁড়িয়ে যায় কিন্তু পুরোপুরি দাঁড়ানোর পূর্বেই স্মরণ হয়ে গেলে ফিরে এসে তাশাহ্হুদ পড়ে বাকী সালাত পুরা করবে। আলেমগণ বলেছেন: তার দাঁড়িয়ে যাওয়াটা সালাতে অতিরিক্ত হওয়ার কারণে সে দুইটি সাজদাহ সাহু করবে। আল্লাহই ভালো জানেন।
৪। যদি সালাতে সন্দেহ হয় যে, সে দুই রাকাত পড়েছে না তিন রাকাত? কোনোটাই ঠিক করতে না পারে তাহলে একীন বা কমের ওপর ভিত্তি করবে এবং সালামের পূর্বে দু’টি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে। যেমন, যোহরের সালাত পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে সন্দেহ হলো যে, এটি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত? কোনোটাই স্থির করতে পারলো না, তবে তা দ্বিতীয় রাকাত নির্ধারণ করে সালাত পুরা করার পর সালামের পূর্বে দুইটি সাজদাহ সাহু দিয়ে সালাম ফিরাবে।
৫। যদি সালাতে সন্দেহ হয় যে, সে দুই রাকাত পড়েছে না তিন রাকাত এবং কোনো একটি নির্ধারণ করতে সক্ষম হয়, তাহলে এর ওপর ভিত্তি করে বাকী সালাত পুরা করবে কম হোক বা বেশি হোক এবং সালামের পর দুইটি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে। যেমন, যোহরের সালাত পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে সন্দেহ হলো যে, এটি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত এবং সে স্থির করতে পেরেছে যে এটি তৃতীয় রাকাত, তাহলে এটি তৃতীয় রাকাত নির্ধারণ করে বাকী সালাত পুরা করে সালামের পর দুইটি সাজদাহ সাহু দিয়ে আবার সালাম ফিরাবে।
আর যদি সালাত সমাপ্ত করার পর সন্দেহ হয় তাহলে নিশ্চিত হওয়া ব্যতীত এর দিকে ফিরবে না, এমনকি যদি অধিক সন্দেহ হয় তবু ও না, কেননা তা কু-মন্ত্রনা থেকে হয়।