পরিচ্ছেদঃ ৫
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ
১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকাজে দ্রুত অগ্রসর হতে বলেছেন। সৎকাজ করার সুযোগ সৃষ্টি হলে বিলম্ব করা উচিৎ নয় কোনোভাবেই।
২- সময় থাকতে সময়ের মর্যাদা দেয়া ও সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কারণ ফেতনা শুরু হয়ে গেলে ভাল কাজের আর সুযোগ থাকে না। তাই সময় ও সুযোগ থাকতে তা ভালকাজে ব্যবহার করা উচিত।
৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে ফেতনার একটি চিত্র তুলে ধরেছেন। অন্ধকার রাতের মত ফেতনা এতটা ঘণীভূত হবে যে, একজন মানুষ সকালে মুসলিম থাকলে তার পক্ষে সন্ধ্যা পর্যন্ত ইসলাম নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে।
৪- ইসলাম বিরোধী প্রচারণা ও তৎপরতা এত বেড়ে যাবে যে, একজন মানুষ সন্ধ্যায় মুসলিম হয়েও সকালে ইসলাম সম্পর্কে সন্দিহান হয়ে যাবে।
৫- মানুষ সামান্য অর্থ-বিত্ত, চাকুরী, ভিসা, পদ, প্রচারনা, রাজনৈতিক সুবিধা পাওয়ার লোভে ইসলামকে বিকিয়ে দিবে। অমুসলিম শক্তির সাথে দহরম-মহরম শুরু করবে। ইসলামের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করবে।
৬- মানুষ এতটা বস্ত্ত ও ভোগবাদী হয়ে যাবে যে, মুসলিম হয়েও সামান্য কিছুর বিনিময়ে ইসলামের অনুশাসন ত্যাগ করবে।
৭- ‘সকালে মুসিলম আর বিকালে কাফের’ এ কথার অর্থ এটাও যে, মানুষ মুসলিম পরিবারে জন্ম নেবে, মুসলিম নাম ধারণ করবে, মুসলিম দেশে বসবাস করবে, মুসলিম হওয়ার সামাজিক সুবিধা ভোগ করবে কিন্তু নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে কুন্ঠিত হবে। ইসলামকে গুরুত্বহীন ভাবতে থাকবে।
৮- একজন মানুষ যেমন কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করে দিতে পারে না। তেমনি কোনো কিছুর বিনিময়ে কখনো নিজের ধর্ম ইসলামকেও বিক্রি করে দিতে পারে না। ইসলাম বিক্রি করে দেয়ার মানে হল, কিছু একটা পাওয়ার জন্য ইসলামের কোনো কিছুকে ত্যাগ করা। লোভে বা ভয়ে ইসলামের কোনো অনুশাসন ত্যাগ করা কিংবা ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করা। এ কথা সকলেরই জানা যে, কেউ বলে না আমি ইসলাম বিক্রি করে দেব। তারপরও সে এ সকল পদ্ধতিতে ইসলাম বিক্রি করে দেয়।